ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতরই হঠাৎ অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু সাঈদের ছেলে ফারহান ইশরাক জানান, তাদের বর্তমান বাসা মুগদা মানিকনগর। এর আগে তারা কাজলা এলাকার বাসিন্দা ছিলেন। কাজেই তার বাবা-মা ওই এলাকার ভোটার। তারা মানিকনগরের বাসা থেকে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে যান।
ইশরাকের তথ্যনুযায়ী, আবু সাঈদ কেন্দ্রের চতুর্থ তলার বুথে ওঠার সময় তৃতীয় তলার সিঁড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার মা তাকে ধরে চতুর্থ তলায় তোলেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু সাঈদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন জানিয়ে ছেলে বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে সকালে তার মা তাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করলেও পছন্দের প্রতীকে ভোট দিতে বাবা অনড় ছিলেন। শেষ পর্যন্ত মাকে সঙ্গে নিয়েই কেন্দ্রে যান তিনি। তবে ভোট দেওয়া আর হয়ে ওঠেনি তার।’
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) শতরূপা কুণ্ড জানান, দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবার জানিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


