রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর বাসটি জব্দ ও হেলপারকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেনের ছেলে আফাজ উদ্দিন চৌধুরী জানান, তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তেল পারৈই গ্রামে। তারা বর্তমানে যাত্রাবাড়ির ধলপুর এলাকায় থাকেন। তার বাবা জমির ব্যবসা করতেন।
তিনি বলেন, এদিন সকালে এক ব্যবসায়িক সহযোগী বাবাকে খিলগাঁওয়ে যেতে বলেন। বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর জানতে পারি বাবা বাসের ধাক্কায় মারা গেছেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, এদিন বেলা সাড়ে ১২টার দিকে নিহত ব্যক্তি খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর বাসটি জব্দ ও এর হেলপারকে আটক করা হয়। তবে এর চালক পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


