রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার ভোরে তেজগাঁওয়ের সাতরাস্তা ও মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
সাতরাস্তা এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী দৃষ্টিপ্রতিবন্ধী রফিকুল ইসলাম (৪০) ও তার মেয়ে তানজিলা (১২) মারা যায়। এ ঘটনায় তাদের ছেলে নূর ইসলাম (১৪) আহত হন। একই সময়ে মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বুধবার ভোর ৫টার দিকে আনা হলে রফিকুল ইসলাম, তানজিলা এবং অজ্ঞাত যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত রফিকুল ইসলামের ভাতিজা আব্দুর রাকিব জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জটিয়াবো গ্রামে। তারা বর্তমানে মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাস করতেন। নূর ইসলাম ও তানজিলা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। দৃষ্টিপ্রতিবন্ধী রফিকুল ইসলাম এলাকায় ভিক্ষা করতেন।
রাকিব আরও জানান, রাতে রফিকুল ইসলাম দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্যে মগবাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় মহাখালী বাসস্ট্যান্ডের দিকে রওনা দেন। সাতরাস্তা এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজনই রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বাবা ও মেয়ের মৃত্যু হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক আব্দুল হামিদ জানান, বুধবার ভোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তেজগাঁও সাতরাস্তা এলাকায় বাবা-মেয়ে এবং মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় এক যুবক নিহত হয়েছেন। মহাখালীতে নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।


