রাজধানীতে ছিনতাইকারীর হামলায় আহত ২

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় আহত ২
ছিনতাইকারীর হামলায় আহত ব্যক্তি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকায় পৃথক দুই স্থানে ছিনতাইকারীর হামলায় দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এসব ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মিরপুরের পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) নামের এক মুদি দোকানদার ও খিলক্ষেতে ছুরিকাঘাতে মো. লিটন (২৮) নামে এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।

আহত দীপুর স্ত্রী আফরোজা আক্তার জানান, মিরপুর-১২ নম্বর সেকশনে নিজেদের বাড়ির নিচে তার ছোট ভাই মো. শাহদাত হোসেন শুভর মুদির দোকান রয়েছে। সেই দোকানে কাজ করেন দীপু। ভোর সাড়ে ৫টার পর দীপু ধূমপানের জন্য বাসা থেকে রাস্তায় বের হলে ছিনতাইকারীদের কবলে পড়েন।

দীপুর শ্যালক শুভ বলেন, ‘হঠাৎ বাসার সামনে রাস্তায় চিৎকার শুনে রাস্তায় নেমে দেখি, দুলাভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখনই তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার বাম পায়ে গুলি লেগেছে। তবে গুলিটি পায়ের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।’

আরও পড়ুন

আহত দীপু বলেন, ‘বাসার সামনে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার সময় কিছুটা দূরে একটি মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেলে দুই থেকে তিনজন ছিল। এরপর তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। তখনও বুঝতে পারিনি তারা ছিনতাইকারী। কাছে এসেই একজন ছুরি বের করে সঙ্গে যা আছে সব বের করে দিতে বলে। পরে পকেট থেকে নিজেরাই মানিব্যাগ বের করে নেয়। এরপর ফোন নিতে চাওয়ায় বাধা দিলে হাতাহাতির এক পর্যায়ে পেছন থেকে একজন গুলি করে। এ সময় মানিব্যাগে রাখা ১৭ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়।’

অন্যদিকে, আহত লিটনের সহকর্মী মো. মহসিন ইসলাম জানান, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি কোম্পানির নির্মাণশ্রমিক। আহত লিটন কিছুদিন আগে দিনাজপুরে নিজ গ্রামে গিয়েছিলেন। গতরাতে গ্রাম থেকে কাজে ফিরছিলেন।  ভোর ৪টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডে নামার পর রেললাইনের পাশে তিনজন ছিনতাইকারী ছুরি ঠেকিয়ে তার কাছ থেকে সব ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তার বাম কাঁধে পরপর তিনবার ছুরিকাঘাত করে। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা ৫০০ টাকা ও ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আহত লিটনকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দু’জনকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা দু’টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর