অনলাইন জুয়ার চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, জব্দ ৪৮৪ এমএফএস সিম

অনলাইন জুয়ার চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, জব্দ ৪৮৪ এমএফএস সিম
ছবি: টাইমস
Advertisement
Advertisement

অনলাইন জুয়ার সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের কাছ থেকে ৪৮৪টি বিকাশ ও নগদ অ্যাকাউন্ট-সংবলিত সিমকার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাগর শিকদার (৩২), অমল কীর্তনিয়া অভি (৩০), মিথুন সরকার (২৪), সুনীল মৃধা (২৫), কাজী উসরাত আঞ্জুমান মেঘা (২০), মারুফা (২১) ও মো. রাকিবুল হাসান (৩২)।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের কর্মকর্তারা জানান, সাইবার মনিটরিংয়ে অনলাইন জুয়ার কয়েকটি ওয়েবসাইট ও অ্যাপ শনাক্ত করা হয়। এসব প্ল্যাটফর্মে জুয়ার অর্থ লেনদেনে বিভিন্ন এমএফএস এজেন্ট, মার্চেন্ট ও ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারের তথ্য পাওয়া যায়।

অ্যাকাউন্টগুলোর তথ্য বিশ্লেষণ করে সংঘবদ্ধ চক্রটির সন্ধান মেলে।

আরও পড়ুন

ডিবি জানায়, সোমবার রাত ১টার দিকে যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৪টার দিকে মাদারীপুরের কালকিনি থেকে চক্রটির হোতা সাগর শিকদারকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ৪৮৪টি এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিমকার্ড, ৪৬টি স্মার্টফোন, একটি বাটন ফোন, আটটি ল্যাপটপ, ২৭টি ব্যাংক কার্ড, তিনটি ডায়েরি ও দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

ডিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, অনলাইন জুয়ার সাইট ও অ্যাপের জন্য বিভিন্ন এমএফএস ওয়ালেট সরবরাহ করত চক্রটি। এসব ওয়ালেটের মাধ্যমে অর্থ লেনদেন সচল রাখা ছিল তাদের প্রধান কাজ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রমনা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর