রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারসহ ছয় দফা দাবি জানিয়েছে ছাত্রদল মনোনীত প্যানেল।
বুধবার দুপুরে ছাত্রদল মনোনীত রাকসুর ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীরের নেতৃত্বে এসব দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া হয়।
ছাত্রদল প্যানেলের দাবিগুলো হলো-ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার, ভুয়া ও জাল ভোট প্রতিরোধে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন, ডিজিটাল কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকাতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, ভোট চলাকালে বৈধ কার্ডধারী ছাড়া অন্য কারও ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, নির্বাচনে অবৈধ অর্থের প্রভাব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আচরণবিধি সবার জন্য সমানভাবে পর্যবেক্ষণ ও বাস্তবায়ন করা।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের দিন সাধারণ ভোটার ও নির্বাচন কমিশনের পাস ছাড়া কেউ যেন কেন্দ্রে প্রবেশ করতে না পারেন, তা আমরা নিশ্চিত করব। এ ছাড়া নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের প্রস্তুতি চলছে।’
রাকসু নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলেও জানান তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর একই দিন ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।


