ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও বড় জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এই নির্বাচনে রাকসুর ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা।
বাকি যে তিনটি পদ সেগুলোর মধ্যে মাত্র একটি জিতেছে ছাত্রদল। আর সেই পদটি হলো ক্রীড়া সম্পাদকের। এই পদে জয়ী হয়েছেন ছাত্রদলের প্যানেলের নার্গিস খাতুন।
এছাড়া জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। আর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।
শিবির সমর্থিত প্যানেলের বিজয়ী ২০ ছাত্রনেতা হলেন, ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস এস এম সালমান সাব্বির, সহক্রীড়া সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ নুন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা, সহসংস্কৃতি সম্পাদক মো. রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা, সহমহিলা সম্পাদক সামিয়া জাহান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বি এম নাজমুছ সাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, সহমিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদুল ইসলাম সাঈম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান মিয়া লস্কর, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক মো. নয়ন হোসেন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক মাসুমা ইসরাত মুমু।
চার কার্যনির্বাহী সদস্য হলেন মো. দ্বীপ মাহবুব, মোহাম্মদ ইমজিয়াউল হক কামালী, সুজন চন্দ্র এবং এ বি এম খালেদ।


