খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যের অভিযোগে জগলুল পাশা রিমান্ডে

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যের অভিযোগে জগলুল পাশা রিমান্ডে
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত, আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান ও বিচারিক কার্যক্রম প্রভাবিত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্তের স্বার্থে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিবির আবেদনে বলা হয়, মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পর নজরদারিতে থাকা ডিবির একটি দল তাকে আটক করে।

শুনানিতে মহানগর পিপি ফারুক হোসেন ফারুকী বলেন, জগলুল পাশা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। তিনি ২০১৩ সালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঠেকানোর ঘটনায় জড়িত ছিলেন বলেও দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব থাকাকালে জগলুল পাশা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় জাল কাগজপত্র তৈরিতে ভূমিকা রাখেন।
আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ রিমান্ডের বিরোধিতা করে বলেন, ‘আমি কখনো রাজনীতি করিনি। চাকরিকাল, ছাত্রজীবন বা অবসরের পরও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। যে ঘটনার কথা বলা হচ্ছে, সেখানে আমি যাইনি। এ মামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি বয়স্ক মানুষ।’

আরও পড়ুন

রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিচারিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে জগলুল পাশার বিরুদ্ধে।

ডিবির দাবি, তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার পরিকল্পনাকারী, সহযোগীদের পরিচয়, ব্যবহৃত নথির উৎস, অর্থ লেনদেনের তথ্য এবং পলাতক আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। মামলার জাল নথি, আলামত ও অন্যান্য প্রমাণ উদ্ধারের জন্যও তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের তথ্যমতে, তিনি গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানার পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একটি মামলা, কুষ্টিয়ার দৌলতপুর থানার আলতাব হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি।

এ ছাড়া ২০১৩ সালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতার কথা জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad