কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মী মো. হেলালকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দায়িত্বে অবহেলার কথা স্বীকার করেছেন।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১-এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক।
র্যাব জানায়, ঘটনার সময় গেটম্যান হিসেবে দায়িত্বে থাকা হেলাল ও মেহেদী হাসান অবহেলা করে রেলক্রসিংয়ের গেট বন্ধ করেননি, যার ফলে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে। জিজ্ঞাসাবাদে হেলাল এ ঘটনার জন্য নিজের দায়িত্ব অবহেলার বিষয়টি স্বীকার করেছেন।
বলা হয়, গত শনিবার দিবাগত রাতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী ‘মামুন স্পেশাল’ বাসের সঙ্গে একটি ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে বাসে থাকা সোহেল রানাসহ ১২ জন নিহত হন এবং আরও ২৪ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা করেন।
এরপর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে মো. হেলালকে গ্রেপ্তার করে। তিনি বুড়িচং উপজেলার কোদালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গ্রেপ্তার হেলালকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আরেক আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারে র্যাবের অভিযান চলছে বলে জানায় র্যাব।


