ইরানি কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব

ইরানি কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব
Advertisement
Advertisement

ইরানের মিলিটারি অ্যাটাশে এবং দূতাবাসের কিছু কর্মীকে বহিষ্কার করেছে সৌদি আরব। তাদেরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। শনিবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে সৌদি আরব বলেছে, তারা সৌদি আরব, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলো এবং বিভিন্ন আরব ও ইসলামিক দেশের বিরুদ্ধে ইরানের নির্লজ্জ ও ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানায়।

মন্ত্রণালয় আরও লিখেছে, সৌদি সার্বভৌমত্ব, বেসামরিক অবকাঠামো, অর্থনৈতিক স্বার্থ এবং কূটনৈতিক স্থাপনাগুলোর ওপর ইরানের ধারাবাহিকভাবে আক্রমণ আন্তর্জাতিক আইন, সুপ্রতিবেশী নীতিমালা, বেইজিং চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮১৭ (২০২৬)-এর স্পষ্ট লঙ্ঘন।

ইরান যেসব নীতি অনুসরণ করে বলে দাবি করে, এসব কর্মকাণ্ড তার সঙ্গে সাংঘর্ষিক। তাছাড়া এমন আগ্রাসন অব্যাহত থাকলে বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কের ওপর তার গুরুতর প্রভাব পড়বে।

সৌদি আরব জানায়, তারা আনুষ্ঠানিকভাবে ইরানের মিলিটারি অ্যাটাশে, সহকারী মিলিটারি অ্যাটাশে এবং আরও তিনজন দূতাবাস কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূখণ্ড, আকাশসীমা, নাগরিক, বাসিন্দা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সৌদি আরব প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার অঙ্গীকার বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad