রাজধানীর ডেমরায় মাদক সেবনের টাকা নিয়ে কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে ইসরাফিল (৪৭) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার ভোরে ডেমরা উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইসরাফিলের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। তিনি পরিবার নিয়ে ডেমরা এলাকায় ভাড়া থাকতেন। খবর পেয়ে পুলিশ দুপুর নাগাদ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী সুরাইয়া বেগম জানান, তার স্বামী অনেক বছর ধরে মাদকাসক্ত ছিলেন এবং কোনো কাজ করতেন না। নেশার টাকার জন্য প্রায় তিনি পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতেন।
তিনি আরও জানান, গত দুই দিনেও তিনি সুরাইয়ার কাছ থেকে এক হাজার টাকা নেন। সোমবার ভোরে আবারও টাকা দাবি করলে সুরাইয়া অপারগতা জানান। এতে ক্ষিপ্ত হয়ে ইসরাফিল তাকে মারধর শুরু করেন।
এ সময় তাদের ছোট ছেলে নূর হোসেন (১৭) প্রতিবাদ করলে বাবার সঙ্গে তার হাতাহাতি হয়। এক পর্যায়ে নূর হোসেন তার বাবার বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে ইসরাফিলের মৃত্যু হয়।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


