চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে মোহাম্মদ এমদাদ (২৪) নামে এক পিকআপচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে রাউজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হারিশখানপাড়া গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে এই ঘটনা ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
নিহত এমদাদ পেশায় একজন পিকআপচালক ছিলেন। প্রায় আড়াই বছর আগে রাঙামাটির তানিয়া আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতে বাড়িতে ফেরার পর স্বামী-স্ত্রী একসঙ্গে রাতের খাবার খান। এরপর রাত সাড়ে ১২টা পর্যন্ত ছেলে নিয়ে খেলাধুলা করেন এমদাদ। পরে ঘুমানোর কথা বলে তিনি শুয়ে পড়েন। কিন্তু ভোরে ঘুম থেকে উঠে তাকে বিছানায় না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে তারা দেখতে পান, বাড়ির রান্নাঘরের দরজা ভেতর থেকে বন্ধ। কোনো সাড়া না পেয়ে রান্নাঘরের পেছনের অংশ ভেঙে ভেতরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা এমদাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরিবারের সদস্যদের দাবি, আগের রাত পর্যন্ত তার আচরণ স্বাভাবিক ছিল এবং কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।


