বলিউডের আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে জটিলতা যেন থামছে না। দীর্ঘ সময় ধরে শুটিং বিলম্বের মধ্যেই এবার ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। ছবিটির শুটিং সেটে এক কর্মীর মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পাম স্টুডিওতে শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দ্রধারী যাদব পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনার পর শ্রমিক সংগঠনগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা প্রযোজনা সংস্থার কাছে নিহতের পরিবারের জন্য প্রায় অর্ধ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কোনো আর্থিক সহায়তাই প্রিয়জন হারানোর শূন্যতা পূরণ করতে পারে না। তবে নিহতের স্ত্রী ও দুই মেয়ের ভবিষ্যৎ বিবেচনায় পর্যাপ্ত সহায়তার প্রয়োজন রয়েছে।
এই ঘটনার পর আবারও চলচ্চিত্র শুটিং সেটে কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, বড় বাজেটের প্রযোজনাগুলোতে কাজ চললেও অনেক ক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় না।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনয় করছেন। আগামী বছরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।


