আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু দলের নেতা নয়, কর্মীদের দোষ-গুণ বিচার করে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়–১ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির মাঠসংলগ্ন এলাকায় নির্বাচনী পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সারজিস আলম বলেন, ‘যে জায়গাতে ভোট দিলে মানুষের ওপর জুলুম হবে না, অত্যাচার, হুমকি ও ভয় দেখাবে না, সেই জায়গাতে ভোট দিতে হবে।’
তিনি বলেন, ‘আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন। কিন্তু আমি আপনাদের এটা বলবো, বিশেষ করে সনাতনী ভাই–বোনরা যারা আছেন, আপনি শুধু চিন্তা করেন বিগত দেড় বছরে কোন দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, সিন্ডিকেট হুমকিসহ বিভিন্ন অনৈতিক কাজ করেছেন। এটা যদি এনসিপি বা জামায়াতের নেতাকর্মীরা করেন, তাহলে আমাদেরও ভোট দিতে হবে না। আর যদি অন্য দলের নেতাকর্মীরা করেন, তাহলে তাদেরও বয়কট করতে হবে। খুব পরিষ্কার কথা, যে দলের নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো, সেই দলের মার্কায় ভোট দেবেন।’
তিনি আরও বলেন, এমপি–মন্ত্রীরা জেলার বাইরে থাকেন। বিভিন্ন সময় এসে জেলার কাজে যুক্ত হন। আর এখানে আপনারা থাকবেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে। তাই জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীরা যদি ভালো না হয়, তাহলে মানুষ ভালো থাকবে কী করে।
তিনি আরও বলেন, ‘মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে কি না, তা আসন্ন নির্বাচনে নির্ধারণ হবে। তাই সঠিক জায়গায় ভোট দিতে হবে।’


