যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলায় ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে জানিয়েছে আল জাজিরা।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, কফর রেমান গ্রামে ইসরায়েলি হামলায় এক লেবানিজ সেনা সদস্য নিহত হয়েছেন। টায়ার জেলাতেও ইসরায়েলি হামলার খবর জানিয়েছে সংস্থাটি। বারিশ গ্রামে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার সদস্য— বাবা, মা ও তাদের দুই সন্তান নিহত হয়েছেন।
এনএনএ-র তথ্যমতে, পশ্চিম বেকার সোহমরে একটি বাড়িতে পরিবার অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত ও একজন আহত হন।
এদিকে লেবাননের স্বাস্থ্য জরুরি অভিযান কেন্দ্র জানিয়েছে, সিডন জেলার কানারিত গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন করে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই শুক্রবার ইসরায়েলি হামলায় ৮৩ জন নিহত ও ১৪১ জন আহত হন।
হতাহতের বেশির ভাগ ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননে। বাকি হতাহতের ঘটনা ঘটেছে দেশের পূর্বাঞ্চলে।


