ঢাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল মজিদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর ডাচ-বাংলা রোডে এ দুর্ঘটনা ঘটে।
পরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আলমগীর হোসেন জানান, আব্দুল মজিদের বাড়ি যশোরের চৌগাছা থানার জামালতা গ্রামে। তিনি বিএনপির ওই থানার সিংহজুরি ইউনিয়নের সভাপতি ছিলেন।
তিনি আরও জানান, তারা চারজন দুই মোটরসাইকেলে করে কক্সবাজার ও রাঙামাটি ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে যশোর ফেরার পথে যাত্রাবাড়ীর ডাচ-বাংলা রোডে পৌঁছালে আব্দুল মজিদ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।


