খিলগাঁওয়ে কলেজছাত্রী খুন, স্বামী গ্রেপ্তার

খিলগাঁওয়ে কলেজছাত্রী খুন, স্বামী গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামের এক কলেজছাত্রীকে হত্যার দায়ে তার স্বামী সাইফুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

সাইফুল ইতিমধ্যে আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। নিহত মারিয়া লালমাটিয়া মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ গোড়ান আলিয়া মাদ্রাসাসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। ঘটনার পর রাতেই সাইফুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারিয়ার গলায় পাটের সুতলি পেঁচানো ছিল। ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করা হলেও সংবাদ পাওয়ার ৬ ঘণ্টার মধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে। সাইফুলের পিতা-মাতাকে নিয়ে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

নিহতের ভাই মো. চান মিয়া জানান, প্রায় আট মাস আগে কুমিল্লার হোমনো থানার বাসিন্দা ও ফুডপান্ডা ডেলিভারি রাইডার সাইফুলের সঙ্গে মারিয়ার বিয়ে হয়। তারা দক্ষিণ গোড়ানের ওই বাসার নিচতলায় ভাড়া থাকতেন। শুক্রবার সন্ধ্যা থেকে মারিয়াকে ফোন করে না পেয়ে তিনি সাইফুলকে কল দেন। সাইফুল তখন তাকে বাসায় গিয়ে মারিয়াকে দেখে আসতে বলে। স্বজনরা বাসায় গিয়ে রান্নাঘরসংলগ্ন বারান্দার মেঝেতে মারিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় কালো দাগ ছিল। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত মারিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মো. মহসিনের মেয়ে। এ ঘটনায় তার ভাই চান মিয়া বাদী হয়ে শনিবার খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর