ঢাকার যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় বাসের চালককে আটক করা হয়।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাজলা দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পথচারী মো. স্বপন আহমেদ জানান, নিহত নারী কলেজের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লা গৌরিপুরের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপর পথচারীরা চালককে আটক করে। পরে বাসটি জব্দ করে পুলিশে খবর দেয়।
নিহতের ছেলে জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার আলীসারদি গ্রামে। বর্তমানে দনিয়া রসূলপুর এলাকায় বসবাস করেন।
এদিন সকালে শনির আখড়ায় মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন তার মা। সেখান থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রয়েছে এবং বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।


