রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাজিত হাসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়ায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাজিত ফার্মগেটে আল মদিনা ওষুধ কোম্পনিতে প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন ।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সোহান জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে পাশ থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সাজিত রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের বাবা মো. সোলাইমান জানান, তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বর্তমানে কদমতলী মিরাজনগরে থাকেন তারা। প্রতিদিনের মতো সাজিত রোববার সকালে নিজের মোটরসাইকেল চালিয়ে অফিসের উদ্দেশ্যে বের হন। এর কিছুক্ষণ পর মুঠোফোনে দুর্ঘটনার খবর পান তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।


