খাগড়াছড়ির শহর গুইমারা বাজার ও শহরতলীতে সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ভেতরেই গুইমারা রামসু বাজার দোকান লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করেছেন স্থানীয় পাহাড়ি ব্যবসায়ীরাা।
সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জেলার শহর গুইমারা বাজার ও শহরতলীতে পাহাড়ি জনগোষ্ঠীর ওপরে রোববার ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ নির্বিচারে হামলা, ঘরবাড়ি ও উপাসনালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে।
এ সময় অনেকের গুলিতে আহত হবার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
এতে আরও বলা হয়, পরিষদের কেন্দ্রীয় কমিটি অনতিবিলম্বে জাতিগত সহিংসতা বন্ধ, দুষ্কৃতকারীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্যে সরকারের কাছে জোর দাবি জানায়।


