পার্বত্য জেলা খাগড়াছড়িতে ‘অনির্দিষ্টকালের’ সড়ক অবরোধের ভেতরেই গুইমারা রামসু বাজার দোকান লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করেছেন স্থানীয় পাহাড়ি ব্যবসায়ীরাা।
রোববার বেলা ১১টার দিকে জেলার গুইমারার রামছু বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সেনাবাহিনীর সদস্যসহ কয়েকজন অবরোধকারী আহত হন। তবে এ বিষয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।
‘অনির্দিষ্টকালের’ অবরোধের কারণে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল । অবরোধ সমর্থকরা জেলার বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ পালন করছেন।

জেলায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সাধারণ মানুষের মধ্যে রয়েছে উদ্বেগ উৎকন্ঠা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশ মাঠে রয়েছে। জরুরি কাজ ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার আধাবেলা ও শনিবার সকাল-সন্ধ্যা অবরোধে পরিস্থিতি অবনতি হলে এ দিন দুপুরে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় জারি করা হয় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা। তবে ১৪৪ ধারার ভেতরেই শনিবার সন্ধ্যায় জেলা সদরে পাহাড়ি-বাঙালি সংঘাতে জড়ালে বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে। এর জেরে ‘জুম্ম (পাহাড়ি) ছাত্র-জনতা’ এই অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাকা দেয়।
এদিকে, খাগড়াছড়ির ‘অশান্ত পরিস্থিতি’ মোকাবেলায় পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
রোববার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় এ আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘পাহাড়ে জানমালের ক্ষয়ক্ষতি রোধ ও পরিস্থিতি শান্ত করতে আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।’ ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মো: খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, পাহাড়ি নেতা রশি শংকর তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার প্রমুখ।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা ভাষাভাষী অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। পরদিন বুধবার সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে গ্রেপ্তার করে পুলিশ।
স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে পার্বত্য জেলা-উপজেলা পর্যায়ে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ-সমাবেশ করছে। ঢাকাতেও পাহাড়ি শিক্ষার্থীরা একাধিক প্রতিবাদ-সমাবেশ করেছেন। রোববারও বিকালে ‘আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পালিত হয় সমাবেশ।


