মেট্রোরেলের ছাদে ২ ব্যক্তি উঠে পড়ায় বন্ধ রাখা হয়েছে রেল চলাচল। ঢাকার সচিবালয় স্টেশন এলাকায় তারা মেট্রো ট্রেনের ছাদের ওপর উঠে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়।
রোববার এক বার্তায় একথা জানিয়েছে ঢাকায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ কারণে রাত ৮টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে।
বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ২টা কারের মধ্যবর্তী স্থানে ২ ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল ৮ টা ৫ মিনিট থেকে বন্ধ করা হয়। আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজনকে নামিয়ে আনতে সক্ষম হয় পুলিশ। ডিএমটিসিএলের উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী বলেন, ‘একজন ট্রেনের ওপরে উঠেছে, আর একজন মেট্রোরেলের ট্র্যাকে নেমে দৌড় দিয়েছে, তার খোঁজ চলছে।’


