বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়া এবং জমি নিজের নামে লিখে নিতে ব্যর্থ হয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম (৬৪) এই মামলার বাদী।
তার অভিযোগ, একমাত্র ছেলে রাশেদুল দীর্ঘদিন ধরে তার ভরণপোষণের দায়িত্ব এড়িয়ে চলছিলেন। উল্টো মায়ের জমি জোর করে নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এই ঘটনায় বুধবার রাশেদা সরিষাবাড়ী থানায় ছেলে এবং পুত্রবধূ ফাতেমাতুজ্জোহুরা স্মৃতির (৩৫) বিরুদ্ধে মামলা করেন।
মামলার পর রাশেদাকে গেন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে তার ভাই আহাম্মদ আল ফরিদ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীততরা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে বাবার বাড়িতে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই আছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মায়ের করা মামলার ভিত্তিতে বুধবার রাতে ঢাকা থেকে রাশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


