রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টি চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল গোয়েন্দা বিভাগ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাইফুল ইসলাম (৬০), মো. অপু আহমেদ সরকার (৩৮), মো. সুজন খান (৩৫), মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮), মিঠু মিয়া ওরফে মিন্টু ব্যাপারী ওরফে মিটু (৫২), মো. মকবুল খন্দকার (৫৫) ও মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন (৫৫)।
এ সময় তাদের হেফাজত থেকে হামদর্দ ল্যাবরেটরিজের লোগো সম্বলিত একটি প্যাকেটে পলিথিনে মোড়ানো চেতনানাশক দ্রব্য, একটি কৌটায় চেতনানাশক হালুয়া, চেতনানাশক ইনজেকশন, অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক সাতটি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় চত্বরের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল। এ সময় ইনজেকশন ও চেতনানাশক দ্রব্যগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় সাধারণ যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে বা ইনজেকশন পুশ করে লুট করে আসছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।


