বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং কোম্পানি মায়ের্স্ক বেশ কয়েকটি উপসাগরীয় দেশে সাময়িকভাবে পণ্য বুকিং নেওয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত এল। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মায়ের্স্কের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত, ওমান (সালালাহ বন্দর ব্যতীত), ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরবের দাম্মাম ও জুবাইল অঞ্চলে পণ্য আসা এবং যাওয়ার বুকিং বন্ধ থাকবে। তবে জরুরি খাদ্যসামগ্রী, ওষুধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য এই স্থগিতাদেশের বাইরে থাকবে
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে কর্মী ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিপিং নেটওয়ার্কের স্থিতিশীলতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধের হুমকির পরিপ্রেক্ষিতে এই অচলাবস্থা তৈরি হয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের দেশগুলো থেকে এই অঞ্চলগুলোতে নতুন করে পণ্য বুকিং নেওয়াও বর্তমানে বন্ধ রাখা হয়েছে। মায়ের্স্ক জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।


