আসন্ন দুর্গাপূজায় যশোরের আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। জেলায় ৭০৬টি পূজা মন্ডপকে চারটি সেক্টরে ভাগ করে দেওয়া হবে নিরাপত্তা। মঙ্গলবার সকালে পুলিশ সুপার রনওক জাহান জেলা পুলিশ সুপারের কার্যলয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয় সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা শুরুর আগের রাত থেকে জেলায় নয়টি স্ট্রাইকিং ফোর্স, নয়টি স্বতন্ত্র টিম, ১৭২টি মোবাইল টিম ছাড়াও আইন-শৃঙ্খলাবাহিনীর অন্যান্য দল সক্রিয়ভাবে কাজ করবে। এছাড়াও সকল পূজা মন্ডপের কমিটির সদস্যদের নিয়ে পুলিশের বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে যৌথ বাহিনী।’
পুলিশ সুপার আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে ইতিমধ্যে জেলা পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে কয়েকদফা আলোচনা করা হয়েছে। প্রতিটি মন্ডপে পূজা পরিষদের নিজস্ব স্বেচ্ছাসেবী ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধে পুলিশের বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো বিশেষ মহল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একইসাথে যেসব মন্দিরে লোকসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোর প্রতি বিশেষ নজরদারি থাকবে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবুল বাসার, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


