কক্সবাজারের পেকুয়া উপজেলার জালিয়াখালী এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি সামুদ্রিক মা কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। পরে বঙ্গোপসাগরের মগনামা-কুতুবদিয়া চ্যানেলে রোববার রাত ১২টার দিকে কচ্ছপটি নিরাপদে অবমুক্ত করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন জানান, স্থানীয় এক পরিবেশ কর্মী পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালী এলাকায় এক জেলের জালে ওই সামুদ্রিক মা কচ্ছপ আটকা পড়ার খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলে শাহিনের বাড়ি থেকে বিশাল আকৃতির কচ্ছপটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, ডিম দেওয়ার উদ্দেশ্যে সেটি নদীতে এসেছিল। এ সময় নদীতে পাতা জালে আটকে পড়ে কচ্ছপটি। দীর্ঘসময় কূলে অবস্থান করায় সেটি দুর্বল হয়ে পড়েছিল। পরিস্থিতি বিবেচনায় দ্রুত বনবিভাগের তত্ত্বাবধানে কচ্ছপটিকে সাগরে অবমুক্ত করা হয়।
জানা গেছে, উদ্ধার হওয়া কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লেপিডোকেলিস অলিভাসিয়া যা সাধারণভাবে অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপ নামে পরিচিত। এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পাওয়া গেলেও বর্তমানে বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পেকুয়া শাখার মুখপাত্র এফ এম সুমন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বনবিভাগকে জানাই। তারা দ্রুত এসে কচ্ছপটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করে, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।’
তিনি বিপন্ন প্রজাতির সামুদ্রিক ও বন্যপ্রাণী রক্ষায় সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ ও সচেতন ভূমিকার আহ্বান জানান।
এদিকে, কচ্ছপটি একনজর দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য অনুযায়ী, প্রায় ৫০ কেজি ওজনের এত বড় কচ্ছপ নদীতে তারা আগে কখনো দেখেননি।


