বৈষম্য দূর করতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে বললেন আইন উপদেষ্টা

বৈষম্য দূর করতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে বললেন আইন উপদেষ্টা
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশ থেকে অন্যায়, অবিচার, নিপীড়ন, দুর্নীতি ও বৈষম্য দূর করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও যুব উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ‘যারা অন্যায়, অবিচার ও শোষণের পক্ষে থাকতে চান, তারা “না” ভোট দেবেন। আর যারা এসবের অবসান চান, তারা “হ্যাঁ” ভোট দেবেন।’

সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় ভোটারদের আস্থা বৃদ্ধি, জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত আলোচনা করা হয়।

আসিফ নজরুল বলেন, গত তিনটি নির্বাচনে প্রায় ১৫ বছর ধরে দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

রাতের ভোট ও ডামি প্রার্থীর মাধ্যমে ক্ষমতায় থেকে আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘আগে সরকার নির্ধারণ করতেন শেখ হাসিনা, জনগণ নয়।’

এ সময় গণভোটের গুরুত্ব অনেক উল্লেখ করে তিনি বলেন, এবার জনগণের ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে।

সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ‘জুলাই সনদ’ ঠিক করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এখন গণভোটের মাধ্যমে সাধারণ জনগণের মতামত জানা জরুরি। একছত্র ক্ষমতা যেন কারও হাতে কেন্দ্রীভূত না হয় এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেজন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।

সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো. শাহাদত হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad