যশোরে দুই কোটি ১১ লাখ টাকা মূল্যের সোনার বারসহ দুইজনকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় এক অভিযান চালিয়ে তাদের আটক করে ৪৯ বিজিবি সদস্যরা। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে তাদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা কয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মাহাফুজ আলম (৩১)।
এ সময় তল্লাশি চালিয়ে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার ওজন ১ দশমিক ১৬৪ কেজি, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বিজিবিকে জানান, ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশে তারা যশোরের চৌগাছায় যাচ্ছিলেন।


