উপসাগরীয় অঞ্চলের চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক তৎপরতা ও সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান।
বৃহস্পতিবার মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ আল বুসাঈদির মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানানো হয়।
বৈঠকে সংকট নিরসনে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ খলিলুর রহমান।
উক্ত বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ওমানে বর্তমানে অবস্থানরত প্রায় সাত লাখ বাংলাদেশিকে আতিথেয়তা প্রদান করায় ওমান সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতি ও প্রাত্যহিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
উভয় দেশের মন্ত্রী দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে ওষুধ শিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দর লজিস্টিকস খাতে পারস্পরিক অংশীদারত্ব সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


