চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় মাথায় সাদা কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার সকালে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে মহানগর যুবলীগের ব্যানারে এই মিছিল হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগরজুড়ে আলোচনা তৈরি হয়েছে।
৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন। তাদের অনেকের মাথায় সাদা কাপড় বাঁধা ছিল।
মিছিলকারীদের ব্যানারে শিশুমৃত্যু, শিশু ধর্ষণকারীদের বিচার ও বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদের কথা লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
চট্টগ্রাম নগরে চলতি মাসে এটি তৃতীয় ঝটিকা মিছিল। এর আগে গত বুধবার অনন্যা আবাসিক এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ভিডিওটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তারও আগে সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ জানিয়েছেন, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।


