লেবাননে ‘ভয়াবহ মানবিক’ সংকটের সতর্কতা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের জেরে লেবাননজুড়ে এরইমধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাশাপাশি গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলের ক্রমাগত হামলায় শত শত হতাহতের ঘটনা ঘটেছে।
এই পরিস্থিতিকে ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছে ডব্লিউএফপি। তাদের মতে, অবিলম্বে যুদ্ধ বন্ধ করে লেবাননে স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে তাদের পরিণতিও ফিলিস্তিনের গাজাবাসীর মতো হবে।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দেশজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং এক হাজার ১৫০ জন আহত হয়েছেন।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির লেবানন প্রধান অ্যালিসন ওমান লাউই বলেন, যুদ্ধের শুরু থেকেই তারা মাঠপর্যায়ে কাজ করছে এবং লক্ষাধিক মানুষকে খাদ্য ও নগদ সহায়তা দিচ্ছে।
তবে এই কার্যক্রম চালিয়ে যেতে লেবাননে সংস্থাটির ‘নিরাপদ ও টেকসই প্রবেশাধিকার’ নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন লাউই। তিনি আরও বলেন, ‘নিরাপত্তা এবং মানুষ যেখানে আছে সেখানে পৌঁছানোর সুযোগ না থাকলে, বিশেষ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকায়, পরিবারগুলোর জন্য জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়া অনেক কঠিন হয়ে পড়ে।’


