সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এসব কথা নিশ্চিত করেন।
নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক সালেহ আহমেদ জয়ধর (৩০), সুমন মিয়া (২৫) ও মাসুম আহম্মদ (২০) মাদকের চালান আনতে অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন।
এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে তার সঙ্গে থাকা অপর দুইজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন।


