ঢাকার মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজিচালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। চালকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন তিনি। ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে সে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


