ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজারে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার রাত ১টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকার তিনরাস্তা থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় এই হত্যাকাণ্ড হয়।
নিহত যুবকের নাম আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮)। সে বরিশালের গৌরনদী থানার কালনার ছেলে। মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ে বসবাস করতো সে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিনের পাঠানো এক বার্তায় জানানো হয়, নিহতের বুকে, পিঠে জখমের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


