রাজধানীর মোহাম্মদপুরের একটি বাড়ি থেকে মা-মেয়ের ‘গলাকাটা’ রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শাজাহান রোডের একটি আবাসিক ভবনের সাততলার ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ ঘটনায় বাসার গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে।।
নিহত মায়ের নাম লায়লা আফরোজ এবং মেয়ের নাম নাফিসা লাওয়াল বিনতে আজিজ। ওই বাসার গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান। এরপরই এ ঘটনা ঘটে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, ‘আমরা দুটি লাশ একসঙ্গে পেয়েছি। ঘটনার পারিপার্শ্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’


