বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মামলা থেকে তাকে অব্যাহতির আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৫ এর বিচারক মোহা. সাইফুর রহমান মজুমদার।
সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আখতার হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিগত সরকারের সময়ে লাখ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। আমার নামেও একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার কিছু মামলা প্রত্যাহার করেছে। আরেকটি মামলা এখনও চলমান।’
তিনি যে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রতিবাদ ও কুশপুতুল পোড়ানোর মতো ঘটনা ঘটে। সেই বছর ২৫ মার্চ মতিঝিল থানায় ছাত্র ও যুব অধিকার পরিষদের মিছিল ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মামলা করে পুলিশ।
যে মামলায় আসামী করা হয় আখতার হোসেনকে।
মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার সময় আখতার হোসেনকে আটক করে থানায় নেয় শাহবাগ থানা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
কারাগারে থাকার সময় নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে আখতারের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। একই বছরের ১৭ এপ্রিল শাহবাগ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা এ মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখানো হয়।


