মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া মাঠ থেকে বৈদ্যুতিক সেচযন্ত্রের ছয়টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। শনিবার রাতের কোনো এক সময় বৈদ্যুতিক খুঁটি থেকে এসব ট্রান্সফরমার চুরি হয়। ভরা রবি মৌসুমে এ ঘটনায় বিদ্যুতের অভাবে সেচ ব্যবস্থা ভেঙে পড়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয়রা জানান, আড়পাড়া মাঠে কাছাকাছি স্থানে স্থাপিত একাধিক বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে আড়পাড়া, শানঘাট ও জালশুকা- এই তিন গ্রামের কৃষকরা ফসল আবাদ করে থাকেন। ঘটনার রাতে আড়পাড়া গ্রামের আব্দুল হালিম, শানঘাট গ্রামের জিনারুল ইসলাম এবং জালশুকা গ্রামের রানা মিয়া ও রুহুল আমিনের মালিকানাধীন সেচযন্ত্রের মোট ছয়টি ট্রান্সফরমার চুরি হয়।
চোরেরা দুটি ট্রান্সফরমারের ভেতর থেকে তামার তারসহ মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে কভার ফেলে রেখে যায়। বাকি ট্রান্সফরমারগুলোর মধ্যে চারটি চুরি করে নিয়ে যায় এবং একটি ট্রান্সফরমার ঘটনাস্থলে ফেলে রেখে যায়। এতে মোট ছয়টি ট্রান্সফরমার কার্যত অচল হয়ে পড়ে।

রোববার দুপুরে কৃষকরা মাঠে সেচ দিতে গিয়ে ট্রান্সফরমার চুরির বিষয়টি জানতে পারেন। এর ফলে কয়েকশ বিঘা জমির সেচ কার্যক্রম বন্ধ হয়ে গেছে, যা ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। কৃষক জিনারুল ইসলাম বলেন, এখন সেচ না দিতে পারলে ফসল নষ্ট হয়ে যাবে। দ্রুত ট্রান্সফরমার না বসালে কৃষকরা বড় ক্ষতির মুখে পড়বে।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাংনী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, চোর শনাক্ত ও চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


