গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাতে জেলা প্রশাসকের বাসভবন ‘মধুমতী’র প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়সহ আশপাশের গুরুত্বপূর্ণ কার্যালয়ের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই পুলিশসহ গোয়েন্দা সংস্থার একাধিক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় রাস্তার ওপরে বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়।
ওসি মো. আনিসুর রহমান জানান, রাত সাড়ে ৭টার দিকে কে বা কারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।


