ঢাকার ফার্মগেটে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা এবং দুর্ঘটনার বিষয় খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
গত ২৭ অক্টোবর মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
ওই রিটে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।
এর আগে, ফার্মগেটের মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলারের ওপর থেকে মেট্রোলাইনের শক অ্যাবজরভারের বিয়ারিং প্যাড খুলে পড়ে রোববার দুপুরের দিকে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবুল কালাম এক ছেলে ও এক মেয়ের বাবা। ওই সময় তিনি ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এই ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে সোমবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে এবং প্রতিবেদনে এ ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে সুপারিশ রাখার কথা বলা হয়েছে।


