চাকরি ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালসহ সারাদেশের সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। কর্মবিরতি চলবে বেলা ১২টা পর্যন্ত। এ সময় ঢাকা মেডিকেলের বহির্বিভাগে জড়ো হয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বিক্ষোভ করতেও দেখা যায়।
এর আগে, ৩০ নভেম্বর ২ ঘণ্টা ও গত বুধবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা।
আন্দোলনে নেতারা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও সে ফাইল জনপ্রশসনে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রনালয়েই তা ঘুরপাক খাচ্ছে।
তাদের দাবি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা এরইমধ্যে ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন। কেবল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের যুক্তিযুক্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

এক বিক্ষোভকারী বলেন, ‘দুঃখের বিষয়, নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাপ্তরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সব চাহিদা পূরন করার পরও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও মন্ত্রণালয় অবিরতভাবে কোয়াবি দেওয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে।’
দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসুচিরও হুঁশিয়ারি দেন নেতারা। তবে তারা জানান, হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে এবং জরুরি বিভাগে নিয়মিত সেবাদান অব্যাহত থাকবে।
এদিকে কর্মবিরতিতে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সেবা নিতে আসা ব্যক্তিরা।


