মেট্রোরেল নির্মাণে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, মেট্রোরেলের নকশায়ও ভুল থাকতে পারে।
সোমবার মেট্রোরেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে পরিচালক ফারুক আহমেদ এসব কথা বলেন।
এর আগে গত ২৩ অক্টোবর ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু হয়। এরপর থেকেই মেট্রোরেল চলাচলে নানা সমস্যার মুখে পড়ছে মেট্রোরেল পরিচালক সংস্থা ডিএমটিসিএল। এর আগে গত বছরের সেপ্টেম্বরেও ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল।
ফারুক আহমেদ বলেন, ‘গত বছরের ঘটনার পর আমরা ফিজিক্যালি (সরেজমিন) এবং ড্রোনের মাধ্যমে ইন্সপেকশন (তদারকি) করেছি। দুই মাস আগে আমরা আবারও দেখেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। মেট্রোরেলের ডিজাইনগত (নকশাগত) ভুল থাকতে পারে। এছাড়া নিম্নমানের মালামাল ব্যবহার, ঠিকমতো সব বুঝে না নেওয়াসহ নানা কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে, সেটা নিশ্চিতভাবে বলা যাবে তদন্ত হবার পর।’
তার মতে, ‘মেট্রোরেলের কার্যক্রম বুঝে নেওয়ার দায়িত্ব ছিল কনসালটেন্সি প্রতিষ্ঠানের। অদক্ষতার কারণে হয়তো সেখানেও ঘাটতি ছিল।’
নতুন মেট্রোলাইনগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলসহ যারা পিলারে পোস্টারিং করছেন তাদের তা না করার অনুরোধ জানাচ্ছি। কারণ তাতে ফিজিক্যাল ক্র্যাকগুলো বোঝা যাবে না। খরচ অনুযায়ী আমাদের পৃথিবীর সেরা মেট্রো হওয়ার কথা কিন্তু এখন এই অবস্থা!’
যারা আগে কাজ বুঝে নিয়েছে কিংবা যারা দিয়েছে অনিয়মের জন্য তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারের তদন্ত শেষ হলে অবশ্যই তা হবে বলে আশা করি।’


