মুন্সিগঞ্জ -১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে একই মঞ্চে বিক্ষোভ সমাবেশ করেছে তিন মনোনয়ন প্রত্যাশী। এসময় তাদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মূল লেইন অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশের হস্তক্ষেপে তারা এক্সপ্রেসওয়ে থেকে সরে যেতে বাধ্য হন।
স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে এক জনসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী ও ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন একই মঞ্চে উপস্থিত হন। এসময় তারা মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানান।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ওই তিন মনোনয়ন প্রত্যাশী নেতার হাজারও নেতাকর্মী ছোট ছোট মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে উপস্থিত হতে থাকেন।
সমাবেশ শেষে দুপুর ১ টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় অবস্থান নেয়। তাদের মধ্য থেকে বেশ কয়েকজন এক্সপ্রেসওয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে প্রশাসন ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের অনুরোধে মূল সড়ক ছেড়ে এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, দলের দুসময়ে যারা রাজপথে ছিলেন, হামলা-মামলার শিকার হয়েছেন এবং দলের নেতাকর্মীদের বিপদে পাশে ছিলেন এমন নেতাদেরই মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তারা ওই আসনের মনোনয়ন পুনর্বিবেচনারও দাবি জানান।


