মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নে নিখোঁজের ২০ ঘণ্টা পর মো. রাকিব (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের বিনোদপুর গ্রামে ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাকিব মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের সৌদি প্রবাসী মো. শাহাদত মাতব্বরের ছেলে। পরিবারের সঙ্গে মুন্সিগঞ্জের বিনোদপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি সুতা কারখানায় কাজ করতেন তিনি।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে তিন বন্ধু মিলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে স্রোতের তীব্রতা বেড়ে গেলে দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজের খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের পাশেই রাকিবের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, স্রোতের তীব্রতার কারণে কিশোরটি পানিতে তলিয়ে যায়। নিখোঁজের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং বুধবার সকালে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।


