চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী তালতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সন্ধ্যায় রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট ফরিংগা বিওপির হাবিলদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির দল মীরসরাইয়ের তালতলা এলাকায় অবস্থান নেয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫৩ লাখ ২৭ হাজার ১১৪ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
জব্দকৃত ওষুধের তালিকায় ৩০ হাজার ৭২০ পিস সেনেগ্রা ট্যাবলেট, ফ্রিস্টাইল লিব্রে ২ প্লাস (সিজিএম) ১০ পিস, মাইকোফেনোলেট সোডিয়াম ১২০ পিস, মাই রোজ ৭ হাজার ২০০ পিস, ফলিসিম ৫ হাজার ৭৯০ পিস এবং ৫ হাজার ৩৩৮ পিস অন্যান্য প্রকারের ওষুধ রয়েছে।
জব্দকৃত এই ওষুধসমূহ আইনগত প্রক্রিয়া শেষে সীতাকুণ্ড কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক আহসান উল ইসলাম এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


