বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কীভাবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করা যায় এবং অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কীভাবে পরিচালিত করা যায়, সে বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির প্রস্তুতি, নির্বাচন কমিশনের প্রস্তুতি ও তাদের কর্মকাণ্ড, এবং একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বৈঠকে গুরুত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কীভাবে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব ও সেই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মুডে কাজ করার প্রয়োজনীয়তা নিয়েও এ সময় আলোচনা হয়।’


