সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’-এর ট্রেলার এবং প্রথম গান ‘গুলগুলি পিঠা’ প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে এলো শুভ-মিম জুটির রোমান্টিক গান ‘দিলাম তোমায় কথা’। বুধবার (২৭ মে) প্রকাশ করা হয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান। এতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা এবং পারভেজ খান।
অ্যাকশন ও গ্যাংস্টার ঘরানার আবহের বাইরে গানটিতে ফুটে উঠেছে শুভ ও মিমের রসায়ন। মিউজিক ভিডিওতে দুজনের রোমান্টিক মুহূর্ত, খুনসুটি এবং অভিব্যক্তি দর্শকদের দৃষ্টি কাড়ছে। বিশেষ করে অ্যাকশন হিরো ইমেজের বাইরে শুভর প্রেমিকসুলভ উপস্থিতি এবং মিমের গ্ল্যামার গানটিকে আলাদা মাত্রা দিয়েছে।
‘মালিক’ সিনেমায় এক জেদি মানুষের গল্প তুলে ধরা হয়েছে, যে অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে অপরাধ জগতের ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়। সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


