ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বাবা আব্দুল বারেক খান। উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে শনিবার রাত ৩টা নাগাদ এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মাদাকাসক্ত ছিলেন। প্রায়ই তিনি তার বাবা-মা এবং অন্যান্য এলাকাবাসীকে মারধর ও কুপিয়ে জখম করেছেন। তার অত্যাচার নির্যাতনে এলাকাবাসী আতঙ্কিত ছিল।
ঘটনার দিন সকালে শুভ তার বাবা আব্দুল বারেকের কাছে ৩ লাখ টাকা দাবি করেন এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করেন। এক পর্যায়ে সন্ধ্যায় তিনি বাজার থেকে একটি দা কিনে নিয়ে বাড়ি যান এবং টাকা না দিলে রাতে মা-বাবাকে জবাই করার হুমকি দেন।
এরপর আব্দুল বারেক তার স্ত্রী খুশি বেগমকে অন্য ঘরে ঘুমানোর কথা বলে, রাতে মেহেদী হাসানকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল বারেককে আটক করেন এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় নিহতের মা তার স্বামী আব্দুল বারেককে আসামি করে একটি মামলা করেছেন।
কাঠালিয়া রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান ও তদন্তের হারান চন্দ্র পালসহ পুলিশের একটি টিম।
পুলিশ সুপার মো. শাহ আলম জানান, মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আসামি তাকে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এতে মামলা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।


