মাগুরা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সী রেজাউল হককে (৮৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় মাগুরা শহরের পারনান্দুয়ালী মুন্সীপাড়া মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রেজাউল হক একজন বীর মুক্তিযোদ্ধা। মাগুরায় স্বাধীন বাংলাদেশের পতাকা তিনিই প্রথম উত্তোলন করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে তদন্ত চলছে এমন একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে অন্য কোনো মামলা আছে কিনা সেটির খোঁজখবরও নেওয়া হচ্ছে।
রাতেই তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।
তবে সুনির্দিষ্ট মামলা না থাকার পরেও অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন রেজাউল হকের মেয়ে ফারজানা ইয়াসমিন মালতি।


