মাইলস্টোন ট্র্যাজেডিতে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির স্কুল ভবন ধ্বংস ও বিপুল সংখ্যক হতাহতের পর তৃতীয় দফায় শনিবার পর্যন্ত ওই ক্যাম্পাসে ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে শিক্ষা প্রতিষ্ঠানটির সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
মাইলস্টোনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার জানান, শনিবার পর্যন্ত দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাস বন্ধ থাকলেও, এ সময় সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলছি, তারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে আগ্রহী।’

এ সময় দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার আশা প্রকাশ করেন তিনি।
গত ২১ জুলাই দুপুর ১টার পরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর মঙ্গলবার পালন করা হয় রাষ্ট্রীয় শোক।
দেশের ইতিহাসে ভয়াবহ এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে, নিহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। দগ্ধ ও আহত ৩৪ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউটে, ১১ জন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও একজন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন।


